বাংলা শিশুসাহিত্যের প্রবাদপ্রতিম পুরুষ, ‘ছড়ার জাদুকর’ খ্যাত সুকুমার বড়ুয়া
শুক্রবার (২ জানুয়ারি) ভোর ৬টা ৫৫ মিনিটে রাউজানের গহিরায় জে কে মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে নানান জটিল রোগে ভুগছিলেন। সুকুমার বড়ুয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব। শোক বার্তায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
প্রেস ক্লাব নেতৃবৃন্দ বলেন, বাংলা শিশুসাহিত্যের উজ্জ্বল নক্ষত্র ছড়াকার সুকুমার বড়ুয়া প্রায় ছয় দশক ধরে ছড়া রচনার মাধ্যমে বাংলা শিশুসাহিত্যে অনন্য অবস্থান তৈরি করেন। তাঁর ছড়ায় ব্যঙ্গ, রস, নৈতিক শিক্ষা, মুক্তিযুদ্ধের চেতনা ও রাজনৈতিক সচেতনতা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। ‘পাগলা ঘোড়া’, ‘ভিজে বেড়াল’, ‘চন্দনা রঞ্জনার ছড়া’, ‘এলোপাতাড়ি’ ও ‘চিচিং ফাঁক’-এর মতো কালজয়ী বইগুলো তাঁকে ছড়াসম্রাট হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এই সাহিত্যযাত্রায় তিনি ‘ছড়ারাজ’, ‘ছড়াশিল্পী’ ও ‘ছড়াসম্রাট’ উপাধিতে ভূষিত হন। তাঁর সৃষ্টিশীল ছড়াগুলো প্রজন্মের পর প্রজন্ম বাংলা শিশুসাহিত্যে আলো ছড়িয়ে যাবে।
১৯৩৮ সালের ৫ জানুয়ারি রাউজান উপজেলার মধ্যম বিনাজুরি গ্রামে জন্মগ্রহণ করেন সুকুমার বড়ুয়া। বাবার নাম সর্বানন্দ বড়ুয়া ও মা কিরণ বালা বড়ুয়া।
গহিরা গ্রামের শিক্ষক প্রতাপ চন্দ্র বড়ুয়ার মেয়ে ননী বালার সাথে ১৯৬৪ সালের ২১ এপ্রিল তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। ব্যক্তিগত জীবনে সুকুমার বড়ুয়া তিন মেয়ে এবং এক ছেলের জনক। তাঁর কর্মজীবন শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে। পরবর্তীতে ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টোর কিপার হিসেবে তিনি অবসর গ্রহণ করেন। ভাষা ও সাহিত্যে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে তিনি লাভ করেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক’।
এছাড়াও তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, চট্টগ্রাম প্রেস ক্লাব সম্মাননা, অবসর সাহিত্য পুরস্কার, আনন ফাউন্ডেশন আজীবন সম্মাননা, চন্দ্রাবতী শিশুসাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

