আনোয়ারায় পৃথক দুটি ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মাচা ভেঙে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। এছাড়া ব্যাংকের ভেতর থেকে এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (১ মার্চ) সকালে আনোয়ারা উপজেলা সদরে রূপালী ব্যাংক পিএলসি’র একটি শাখা থেকে নিরাপত্তাকর্মী অঞ্জন মল্লিক (৫২) এর লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর বাড়ি পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে। বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের গুন্ধীপপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনে মাচা ভেঙে পড়ে সিয়াম (১৯) ও আনিস (২৫) নামের দুই শ্রমিক নিহত হন।
জানা যায়, অঞ্জন মল্লিক বৃহস্পতিবার ব্যাংক বন্ধ হওয়ার পর থেকে ভেতরেই অবস্থান করছিলেন। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর রোববার সকালে ব্যাংক খুলতে এসে কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরে পুলিশে খবর দেওয়া হলে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
অন্যদিকে, গুন্ধীপপাড়া এলাকায় নির্মাণাধীন ছয়তলা ভবনের বাইরের অংশে প্লাস্টারের কাজ করার সময় হঠাৎ মাচা ভেঙে নিচে পড়ে যান সিয়াম ও আনিস। এতে ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনিসকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিয়ামের বাড়ি কুষ্টিয়া এবং আনিসের বাড়ি রাজশাহী জেলায়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ব্যাংক থেকে উদ্ধার করা লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নির্মাণাধীন ভবন থেকে পড়ে যাওয়া দুই শ্রমিকের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

