1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরের ইজারার উদ্যোগ বন্ধের দাবিতে গণঅনশন

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 01-11-2025 ইং
  • 41688 বার পঠিত
ad728

 নিউমুরিং কনটেইনার টার্মিনাল ও লালদিয়ার চর বিদেশিদের ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবিতে গণ–অনশন কর্মসূচি পালন করছে শ্রমিক–কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

শনিবার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনশন শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এ সময় বক্তারা বলেন, বিদেশি কোম্পানির হাতে বন্দর তুলে দেওয়ার উদ্যোগ চট্টগ্রামের মানুষ কোনোভাবেই সফল হতে দেবে না। বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া মানে দেশের সার্বভৌমত্ব নিয়ে খেলা। এ সময় স্কপ নেতারা এনসিটি ও লালদিয়ার চর ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান। 

স্কপের যুগ্ম সমন্বয়ক রিজওয়ানুর রহমান খান বলেন, চট্টগ্রাম বন্দর নিজস্ব ব্যবস্থাপনাতেই চলছে এবং আগমীতেও চলবে। বছরে আড়াই হাজার কোটি টাকার বেশি মুনাফা করে এই প্রতিষ্ঠান। এমন একটি লাভজনক প্রতিষ্ঠানের পরিচালনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার কোনো যুক্তি নেই। সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।

গণঅনশন কর্মসূচিতে স্কপের কেন্দ্রীয় নেতা ও জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মিত ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন এনসিটি বর্তমানে দেশের সবচেয়ে সফল কন্টেইনার টার্মিনাল। এনসিটিকে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্ত জাতীয় স্বার্থবিরোধী ও আত্মঘাতী। এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের চট্টগ্রাম শাখার সভাপতি তপন দত্ত বলেন, বিগত সরকারের সময়ে নেওয়া এই একতরফা সিদ্ধান্ত বর্তমান অন্তর্বর্তী সরকার বহাল রেখেছে, যা অত্যন্ত দুঃখজনক। দেশের কৌশলগত সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার এই চক্রান্ত জনগণ কখনোই মেনে নেবে না।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন, ট্রেড ইউনিয়ন সংঘের খোরশেদুল আলম, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শ. ম. জামাল উদ্দিন, ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক মছিউদ্দৌলা, স্কপের যুগ্ম আহ্বায়ক রিজোয়ানুর রহমান খান, বিএলএফ চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি নুরুল আবসার তৌহিদ প্রমুখ।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728