1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

জিয়ার আদর্শেই সফলতা আসবে: ডা. শাহাদাত

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 04-11-2025 ইং
  • 26753 বার পঠিত
ad728

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ৭ নভেম্বর দেশের রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ দিন। দিনটির মধ্য দিয়েই সংকীর্ণ বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশে উদার, অন্তর্ভুক্তিমূলক ও সর্বজনীন বাংলাদেশি জাতীয়তাবাদের যাত্রা শুরু হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে বিভাজনের রাজনীতি থেকে মুক্ত করে জাতীয় ঐক্যের ভিত্তিতে এক নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শনের সূচনা করেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে নাসিমন ভবনের দলীয় কার্যালয় চত্বরে আসন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি সফল করতে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, শহীদ জিয়া সমাজতন্ত্রের নামে লুটপাটনির্ভর অর্থনীতির পরিবর্তে উৎপাদননির্ভর উন্নয়ন অর্থনীতির পথে দেশকে ফিরিয়ে আনেন। কৃষি, শিল্প, শ্রমজীবী মানুষ ও যুবসমাজের মধ্যে নতুন করে আত্মবিশ্বাস ও কর্মপ্রেরণা সঞ্চার করেন। তাঁর সময়েই বাংলাদেশ আত্মনির্ভরতার পথে অগ্রসর হতে শুরু করে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শহীদ জিয়াউর রহমানের আদর্শই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে। 

আমরা যদি শহীদ জিয়ার দেখানো নীতিতে অবিচল থাকি এবং জনগণের আস্থা অর্জনে কাজ করি, তাহলে বাংলাদেশ আবারও একটি উৎপাদনশীল, আত্মনির্ভর ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। বিএনপি সেই লক্ষ্যেই কাজ করছে—জনগণের সরকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতীয় ঐক্যের মাধ্যমে দেশের অগ্রগতি সুসংহত করা।

সভাপতির বক্তব্যে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, স্বাধীনতার চেতনা ও জনগণের ঐক্যবদ্ধ শক্তির প্রতীক। ১৯৭৫ সালের এই দিনে জাতি বিভাজন ও অনিশ্চয়তার অন্ধকার থেকে ঐক্যের পথে যাত্রা শুরু করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে জাতিকে নতুনভাবে চিনতে শিখিয়েছিলেন—যেখানে ধর্ম, পেশা, শ্রেণি নির্বিশেষে সব নাগরিকই জাতীয় ঐক্যের অংশ।

নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এমএ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, আরইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মুবিন, মঞ্জুরুল আলম মঞ্জু প্রমুখ।

আগামী ৬ নভেম্বর সকাল ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। ৭ নভেম্বর বিকেল ৩টায় নগরের বিপ্লব উদ্যানে জনসভা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728