চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়াহাট পৌর এলাকায় চেয়ারে পা তুলে বসা নিয়ে হামলায় তাহমিদ খান নামে এক ছাত্রদল কর্মী খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
নিহত তাহমিদ (২০) স্থানীয় কদমতলা মাদ্রাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি কুরআনে হাফেজ ছিলেন। তাহমিদ ইতোপূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সক্রিয় কর্মী ছিলেন এবং সদ্য ছাত্রদলে যোগদান করেছিলেন। তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জোরারগঞ্জ থানার সাবেক সাংগঠনিক সম্পাদক। সর্বশেষ নিরাপদ সড়ক আন্দোলন মীরসরাই উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব নেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে বারইয়ারহাট বাজারের ট্রাফিক মোড়ে স্থানীয় ছাত্রদল কর্মী যোবায়ের (২২) পা তুলে বসে চা খাচ্ছিলেন। এ সময় স্থানীয় পৌর বিএনপি নেতা নজরুল ইসলাম লিটনের সামনে এভাবে পা তুলে চা খাচ্ছেন কেন? তাই তাকে লাথি দিয়ে ফেলে দেয়। এতে যোবায়েরও ক্ষিপ্ত হয়ে বড় ভাই লিটনকে পাল্টা হামলা করতে আসে। এতে দুপক্ষে সংঘর্ষ বেধে যায়। এ সময় গুরুতর আহত হন ছাত্রদল কর্মী তাহমিদ খান (২০), মোজাম্মেল (২০) ও আবিদসহ (২২) ৫ জন। খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে পৌঁছে বারইয়াহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান; কিন্তু তাহমিদের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বারইয়াহাট পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহন দে জানান, সম্প্রতি তাহমিদ বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে সভা সমাবেশে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন।
এদিকে বারইয়াহাট পৌরসভার কদমতলা এলাকায় তাহমিদের বাড়িতে গেলে দেখা যায় মা জোহরা বেগম একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে অঝোরে শুধু বিলাপ করছেন। মায়ের একটাই দাবি আমার একমাত্র বুকের ধন একমাত্র পুত্রের খুনির বিচার চাই।
দুই বোন আকলিমা ও ফারিহা কেঁদে কেঁদে বলছেন- মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়ে এসে বন্ধুদের সঙ্গে বাজারে গিয়েছিল। একমাত্র ভাইটি আর ফিরে এলো না।
বাবা আলমগীর হোসেন নিজের মালিকানাধীন চয়েস বাস চালান। তিনি একমাত্র পুত্রকে হারিয়ে শোকে পাথর হয়ে নির্বাক। এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক বলেন, আমরা জেনেছি হামলাকারীরা ও হতাহতরা আগে থেকেই মহাসড়কের পূর্বপাড় ও পশ্চিম পাড়কেন্দ্রিক কিছু বিরোধ ছিল। আগেও তুচ্ছ বিষয় নিয়ে ওরা বিরোধে জড়াত। বর্তমানে এ ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন। মৃতদেহ দাফন সম্পন্ন হলে নিহতের পরিবার থেকে এ বিষয়ে মামলা করা হবে এবং পুরো ঘটনা তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়নপ্রাপ্ত নুরুল আমিন চেয়ারম্যান বলেন, নিহত ছেলেটি আমাদের একজন নতুন সমর্থক, সদ্য বারইয়াহাট পৌর ছাত্রদলে যোগও দিয়েছেন। আমি এ ঘটনার নিন্দা জানাচ্ছি পাশাপাশি এমন নির্মম হত্যাকাণ্ড যারাই ঘটাক না কেন এর সুষ্ঠু বিচার দাবি করছি।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

