চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ৮ জনের মনোয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. নুরু উদ্দিনসহ চার প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে এই তথ্য জানান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চট্টগ্রাম-১১ আসনের রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১ শতাংশ ভোটার যাচাইয়ে ৫ জন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর ভূঁইয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে।
এ ছাড়া দলীয় মনোনয়নে প্রার্থীর সুনির্দিষ্ট নাম, আসন নং ও ভোটার নাম্বার না থাকায় ইসলামী আন্দোলন প্রার্থী মো. নুর উদ্দিনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এ ছাড়া সিটি করপোরেশনের ১৭ হাজার ১৭৫ টাকা পাওনা পরিশোধ না করায় গণ অধিকার পরিষদ প্রার্থী মুহাম্মদ নেজাম উদ্দিনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এ ছাড়া সিআইবি রিপোর্টে ঋণখেলাপি হওয়া এ কে এম আবু তাহের নামে বিএনপির একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী বলেন, কাগজপত্র যাচাই-বাছাই সঠিক হওয়ায় বিএনপির প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শফিউল আলম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) দীপ মুজমদারের মনোনয়ন বৈধ হয়েছে।
এ ছাড়া জাতীয় পার্টির আবু তাহের, গণফোরামের উজ্জ্বল ভৌমিক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ আবু তাহের, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের মো. নিজামুল হক ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. আজিজ মিয়ার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
চট্টগ্রাম-১১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ১২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

