এতিমদের হক আদায় করা ইমানি দায়িত্ব উল্লেখ করে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে রোজা। রমজান আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা দেয়। সিয়াম সাধনার পাশাপাশি সমাজের অসহায় ও এতিমদের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের নৈতিক ও ধর্মীয় কর্তব্য।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে নগরের মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) মিলনায়তনে পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আবু সুফিয়ান ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
মেয়র বলেন, রোজা কেবল পানাহার থেকে বিরত থাকার নাম নয়, বরং এটি একটি সুশৃঙ্খল জীবন দর্শনের নাম। আমাদের রোজার সঠিক নিয়ম কানুন ও বিধান মেনে চলে তাকওয়া অর্জন করতে হবে।
সেই সঙ্গে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোই হলো রমজানের প্রকৃত সার্থকতা।
এতিম শিশুরা আমাদের সমাজেরই অংশ। তাদের সঠিক যত্ন ও সহযোগিতা নিশ্চিত করা গেলে তারা আগামীর যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে। ব্যক্তিগত ও সামাজিকভাবে আমাদের প্রত্যেকের উচিত তাদের অধিকার আদায়ে সজাগ থাকা।
আবু সুফিয়ান বলেন, রমজানের প্রধান ইবাদত সিয়াম বা রোজা রাখা। পবিত্র এ মাসে একজন রোজাদার মহান রাব্বুল আল আমিনের কাছে করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এগারো মাস অপেক্ষা এ মাস অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ। রমজান মানুষের সৎপথের সুস্পষ্ট নিদর্শন। এ মাসেই কোরআন অবতীর্ণ হয়েছে।
তাই এ মাসের বিশেষত্ব অনেক বেশি।
আবুল হাশেম বক্কর বলেন, রমজান ইবাদতের বিশেষ মৌসুম। কারণ এই মাসে মানুষের গুণাহগুলো দূর করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে সিয়াম সাধনা। এ মাসের উদ্দেশ্য পাপ থেকে বিরত থাকা, ইমান ও তাকওয়া অর্জন করা। রমজানে রোজা ও ইবাদতে আল্লাহর রহমত বহুগুণে বর্ষিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন এতিমখানার শিশুদের হাতে ইফতার ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লালদীঘি শাহি জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ সেলিম।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

