মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিমানবন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। এতে বলা হয়, যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের অধিকাংশ এয়ারফিল্ড ও ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন (এফআইআর) বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আগত বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া বহির্গমন ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৭ (ঢাকা-চট্টগ্রাম-দুবাই), যা চট্টগ্রাম থেকে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ছাড়ার কথা ছিল। এছাড়া বিজি-১৫১ (ঢাকা-চট্টগ্রাম-শারজাহ) ফ্লাইটটি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৩৩ (ঢাকা-চট্টগ্রাম-দোহা) বিকেল ৫টা ২৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। আগমনী ফ্লাইটের মধ্যে বাতিল করা হয়েছে এয়ার অ্যারাবিয়ার জি৯-৫২০ (শারজাহ-চট্টগ্রাম), ইউএস-বাংলার বিএস-৩৪৪ (দুবাই-চট্টগ্রাম) এবং সালাম এয়ারের ওভি-৪০৩ (মাস্কাট-চট্টগ্রাম) ফ্লাইট। তবে বিমানের বিজি-১২২ ফ্লাইটটি ওমানের মাস্কাট থেকে স্থানীয় সময় বিকেল ৫টায় সফলভাবে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেছে বলে জানানো হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ বিভাগের প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হলেও সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ফ্লাইট চালু রাখতে এয়ারলাইন্সগুলো কাজ করছে। যাত্রীদের সর্বশেষ তথ্যের জন্য নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে একই পরিস্থিতির কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলা জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা কাউসার মাহমুদ জানান, আপাতত ফ্লাইট চলাচল হোল্ড রাখা হয়েছে। এছাড়া বিমানের বিজি-৩৪৯ ফ্লাইটটি ঢাকা থেকে দাম্মাম যাওয়ার পথে মাঝ আকাশ থেকে ফিরে আসছে বলেও জানা গেছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

