চট্টগ্রামের রাউজানে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত এক ব্যক্তি ভবিষ্যৎ আইনি প্রয়োজনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বুধবার (৩ জুন) রাউজান থানায় এ জিডি করা হয়। জিডিতে উল্লেখ করা হয়, উপজেলার ৩ নম্বর চিকদাইর ইউনিয়নের দক্ষিণ সত্তা এলাকার বাসিন্দা মো. জমির উদ্দীন গত ২১ মার্চ ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তার নিজস্ব মোটরসাইকেলে ছেলে আব্দুল্লাহ আল মুশফিককে নিয়ে মোবারকখীল এলাকার আব্দুল জব্বার সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মো. জমির উদ্দীনের ডান পায়ের হাঁটুর ওপরের অংশ ভেঙে যায়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে সেখানে রড স্থাপন করা হয়। এছাড়া তার হাতের কনিষ্ঠ আঙুলে কয়েকটি সেলাই দিতে হয় এবং পায়ের নিচের অংশে গুরুতর জখম হয়। তার ছেলে আব্দুল্লাহ আল মুশফিকও ডান পায়ে গুরুতর আহত হন। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তার পায়ে ১২ থেকে ১৩টি সেলাই দেওয়া হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকায় এবং অস্ত্রোপচারের পর শারীরিকভাবে চলাফেরায় অক্ষম থাকায় তাৎক্ষণিকভাবে থানায় সাধারণ ডায়েরি করতে পারেননি মো. জমির উদ্দীন। চিকিৎসাধীন অবস্থায় কিছুটা সুস্থ হওয়ার পর ভবিষ্যৎ আইনি প্রয়োজনের কথা বিবেচনা করে তিনি বুধবার (৩ জুন) রাউজান থানায় সাধারণ ডায়েরি করেন। জিডিতে মো. জমির উদ্দীন উল্লেখ করেন, দুর্ঘটনাটি অসাবধানতাবশত ঘটেছে বলে তিনি আপাতত কোনো মামলা করতে ইচ্ছুক নন। তবে ভবিষ্যতে প্রয়োজন হলে আইনি সহায়তা গ্রহণের লক্ষ্যে ঘটনাটি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন জানান।
রাউজান থানা জিডি নম্বর-১৩৯, তারিখ ৩ জুন ২০২৬ হিসেবে বিষয়টি নথিভুক্ত করেছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করছে।
এ জাতীয় আরো খবর..