চট্টগ্রামের বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় করা মামলার চার্জশিট আদালতে জমা দিয়েছে পুলিশ। চার্জশিটে ওই মামলায় গ্রেপ্তার হওয়া মনির হোসেনকে একমাত্র আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে চট্টগ্রামের আদালতে চার্জশিট জমা দেন বাকলিয়া থানা পুলিশ। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, মামলা দায়েরের সাত কার্যদিবসের মধ্যে এবং ঘটনার ১৪ দিনের মাথায় আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। বর্তমানে মামলার নথি ডকেট শাখা থেকে ষষ্ঠ আমলি আদালতে পাঠানো হবে।
তিনি বলেন, ‘মেডিক্যাল রিপোর্ট, আসামির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি এবং অন্যান্য তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে চার্জশিট দাখিল করা হয়েছে।
তদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। সবার সহযোগিতার কারণে দ্রুত তদন্ত শেষ করা সম্ভব হয়েছে।’
চট্টগ্রাম মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন কবির ভূঁইয়া জানান, চার্জশিটে গ্রেপ্তার মনির হোসেনকে একমাত্র আসামি করা হয়েছে এবং এতে ১০ জনকে সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি আরো বলেন, ‘বুধবার ডিএনএ রিপোর্ট হাতে পাওয়ার পরদিনই আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে।
এর আগে আসামি মনির হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সব তথ্য-প্রমাণ পর্যালোচনা করেই চার্জশিট দাখিল করা হয়েছে।’
প্রসঙ্গত, গত ২১ মে বিকেলে চট্টগ্রামের বাকলিয়া এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা বিক্ষোভ শুরু করেন। অভিযুক্তকে আটক করতে গেলে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রায় ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অভিযুক্তকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশ, সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাসহ অন্তত ৪০ জন আহত হয়।
পরে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মনির হোসেনকে একমাত্র আসামি করে মামলা করেন। গ্রেপ্তারের পর ২২ মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মনির হোসেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

