তীব্র গরমে অস্থির হয়ে উঠেছে চট্টগ্রাম চিড়িয়াখানার পশুপাখি। খাঁচায় বন্দি প্রাণীগুলো হাঁসফাঁস করছে। বিশেষ করে বাঘগুলোকে খাঁচার ভেতরে পানির ট্যাংকে শরীর ডুবিয়ে স্বস্তি খুঁজতে দেখা গেছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান তাপপ্রবাহের কারণে পশুপাখির স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব পড়েছে।
প্রাণীদের সুস্থ রাখতে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, গরমে চিড়িয়াখানার প্রাণীরাও অস্থির হয়ে পড়েছে।
তাদের স্বস্তি নিশ্চিত করতে খাঁচাগুলোতে অতিরিক্ত পানির ব্যবস্থা করা হয়েছে। প্রাণীদের হিটস্ট্রোক থেকে রক্ষায় সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে।
এছাড়া পানিতে স্যালাইন, ইলেকট্রোলাইট ও ভিটামিন সি মিশিয়ে গোসল ও পান করার ব্যবস্থা করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, চিড়িয়াখানার প্রায় প্রতিটি খাঁচায় অতিরিক্ত পানির ব্যবস্থা রাখা হয়েছে। বাঘের খাঁচায় কয়েকটি বাঘকে পালাক্রমে পানির ট্যাংকে শরীর ডুবিয়ে রাখতে দেখা যায়। একাধিক বাঘ একই খাঁচায় থাকায় পানিতে নামা নিয়েও তাদের মধ্যে প্রতিযোগিতার দৃশ্য চোখে পড়ে।
অন্যদিকে বানরগুলোকে গাছের ছায়ায় আশ্রয় নিতে দেখা গেছে। মাঝেমধ্যে তারা পানির ট্যাংকে নেমে শরীর ভিজিয়ে আবার ছায়ায় ফিরে যাচ্ছে। একই ধরনের চিত্র চিড়িয়াখানার অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও লক্ষ্য করা গেছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ আশা করছে, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত নেওয়া বিশেষ ব্যবস্থাগুলো প্রাণীদের তাপজনিত সমস্যা মোকাবিলায় সহায়তা করবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

