চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সদরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের লিফলেট তৈরির সময় সাবেক নারী ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (৮ জুন) রাত ১১টার দিকে উপজেলার বিবিরহাট বাজারের একটি কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— উপজেলার বক্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমি আক্তার (৩৫)। তিনি উপজেলার বক্তপুর এলাকার মৃত শামসুল আলমের মেয়ে। অপরজন হলেন একই এলাকার সুধির বড়ুয়ার ছেলে ও কম্পিউটার দোকানের কর্মী উজ্জ্বল বড়ুয়া (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিবিরহাট বাজারের এএইচ শপিং কমপ্লেক্সের ‘শাওন ভিশন ফটো অ্যান্ড ফ্লিমথ’ নামের একটি প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লিফলেট তৈরি ও মুদ্রণ করা হচ্ছে— এমন গোপন সংবাদ পায় পুলিশ।
পরে সোমবার রাতে থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। ওই সময় কম্পিউটার দোকান থেকে সুমি আক্তার ও উজ্জ্বল বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা এবং উসকানিমূলক লিফলেট তৈরির সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো বলেন, ‘গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

