তাড়াহুড়ো করে নামতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের নিচে কাটা পড়ে ষাটোর্ধ্ব একজন মারা গেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল সোয়া চারটার দিকে চবি রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
পরে সেখান থেকে শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৪টা ৪০ মিনিটের ক্যাম্পাস থেকে শহরমুখী ট্রেনটি চবি স্টেশনে পৌঁছালে চলন্ত অবস্থায় নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে যান ওই ব্যক্তি। তার বাড়ি বিশ্ববিদ্যালয় সংলগ্ন সাউথ ক্যাম্পাস এলাকায়। সাদা ভাণ্ডারী নামে তিনি পরিচিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফি বলেন, শহর থেকে আসা ট্রেনটি স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গে লোকটি লাফ দিয়ে নামার চেষ্টা করেন। এ সময় পা পিছলে তিনি ট্রেনের নিচে পড়ে যান। পরে সবাই তাকে উদ্ধার করেন। লোকটির অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফসানা ফজলুল জেরিন ফেসবুকে লেখেন, ট্রেনটি স্টেশনে আসার পরপর লোকটি নামছিলেন। তখনও ট্রেন গতিশীল ছিল। তিনি ফাঁকা জায়গায় পড়ে যান। তার ওপর দিয়েই ট্রেন কিছুক্ষণ চলতে থাকে। পরে শিক্ষার্থীদের সহায়তায় তাকে সেখান থেকে তুলে মেডিকেলে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে একজন মারা গেছেন শুনেছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিচ্ছি। চবি মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, লোকটি ট্রেনের নিচে কাটা পড়েন। কয়েকজন শিক্ষার্থী তাকে মেডিকেল সেন্টারে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত অবস্থায় পান। পরে তাকে হাটহাজারী উপজেলা হাসপাতালে পাঠানো হয়।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

