চট্টলতত্ত্ববিদ ও একুশে পদকপ্রাপ্ত গবেষক আবদুল হকের নামে চট্টগ্রামের রাউজানের নোয়াজিশপুরে প্রতিষ্ঠিত স্মৃতিকেন্দ্র ও সংগ্রহশালা থেকে ২০টি সিলিং ফ্যান খুলে নিয়ে গেছে চোরের দল। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় ভবনটি চুরির সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
জানা গেছে, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্রায় ছয়-সাত বছর আগে স্মৃতিকেন্দ্রটি নির্মাণ করা হলেও এতে কোনো জনবল নিয়োগ না দেওয়ায় দুইতলা ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।
গবেষক আবদুল হকের পুত্র ড. মঞ্জুরুল আমিন চৌধুরী জানান, গত ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) রাউজান থানার এক উপপরিদর্শক (এসআই) তাকে ফোন করে জানতে চান স্মৃতিকেন্দ্রের চাবি তার কাছে আছে কি না এবং তিনি সেখানে প্রবেশ করেছিলেন কি না। তিনি পুলিশকে জানান, স্মৃতিকেন্দ্রের চাবি তার কাছে নেই এবং তিনি সেখানে প্রবেশও করেননি। পরে পুলিশ তাকে জানায়, স্মৃতিকেন্দ্রের সিলিং ফ্যান চুরি হয়ে গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, চুরির ঘটনায় ইতিমধ্যে ১৭টি সিলিং ফ্যান উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, প্রায় তিন মাস আগে স্মৃতিকেন্দ্রে চুরির ঘটনা ঘটে। তদন্তের মাধ্যমে ১৭টি পাখা উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত এখনও চলমান রয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

