চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক পণ্য উৎপাদনের দায়ে ‘ওয়ানপ্লাস’ নামে একটি কোম্পানিকে ১২ (বারো) লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। মান নিয়ন্ত্রণে অনিয়ম ও ভোক্তা নিরাপত্তা ঝুঁকির অভিযোগে পরিচালিত এ অভিযানে জরিমানার পাশাপাশি অনুমোদনহীন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয়।
সোমবার (১৫ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন কদমতলী এলাকায় অবস্থিত উক্ত কারখানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান জানান, ‘ওয়ানপ্লাস’ কোম্পানিটি দীর্ঘদিন ধরে অনুমোদনবিহীন ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার ও সরঞ্জাম উৎপাদন করে আসছিল, যা ভোক্তাদের জন্য মারাত্মক নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে। অভিযানে প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার ও প্রচলিত আইন অনুযায়ী ১২ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়।
তিনি আরও জানান, জনস্বার্থে অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ পণ্য উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জব্দকৃত বৈদ্যুতিক সরঞ্জামাদির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

