জাতীয় পার্টি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের দাবি জানিয়েছে ‘জুলাই ঐক্য’ চট্টগ্রাম। চব্বিশের গণ-অভ্যুত্থানের চেতনা পরিপন্থী উল্লেখ করে এসব রাজনৈতিক শক্তির নির্বাচনী অংশগ্রহণকে অগ্রহণযোগ্য বলেছে জোটটি।
বুধবার (১৪ জানুয়ারি) নগরের সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিনের কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি জমা দেয় ‘জুলাই ঐক্য’ চট্টগ্রাম।
স্মারকলিপিতে বলা হয়, চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল সরকারের আমলে দেড় হাজারের বেশি ছাত্র-জনতা নিহত হয়েছেন।
সেই গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত রাজনৈতিক শক্তির প্রার্থীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন—যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
জোটের অভিযোগ, প্রশাসনে এখনো স্বৈরাচারের দোসররা বহাল রয়েছেন, যারা অতীতের বিতর্কিত নির্বাচন ও দমন-পীড়নের সঙ্গে জড়িত ছিলেন। এমন প্রশাসনের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলেও দাবি করে ‘জুলাই ঐক্য’। স্মারকলিপিতে আরও দাবি জানানো হয়—নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ভোটগ্রহণে দায়িত্বরতদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার এবং সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর দ্রুত তদন্ত। দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে সতর্ক করে জুলাই ঐক্যের নেতারা জানায়, গণহত্যায় জড়িতদের নির্বাচনে অংশগ্রহণের চেষ্টার বিরুদ্ধে সাধারণ ছাত্র-জনতা এবং শহীদ ও আহত পরিবারের সদস্যরা তীব্র প্রতিরোধ গড়ে তুলতে পারেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

